ট্রেন্ডিং

ISL 2024

‌প্রথমার্ধে দাপট, দ্বিতীয়ার্ধে ছন্দহীন, এগিয়ে গিয়েও হার মহমেডানের

মোহনবাগান ম্যাচ থেকেই ছন্দপতন মহমেডানের। রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও পরাজয়। প্রথমার্ধে এগিয়ে গিয়েও ২–১ ব্যবধানে হারতে হল সাদাকালো ব্রিগেডকে।

কাজে লাগল না কাশিমভের গোল। এগিয়ে গিয়েও হার মহমেডানের।

তৌসিফ জামাল

শেষ আপডেট: অক্টোবর ২০, ২০২৪
Share on:

কলকাতার তিন প্রধানের মধ্যে সবথেকে ধারাবাহিক মোহনবাগান সুপার জায়ান্ট। ইস্টবেঙ্গলের কথা যত কম বলা যায় ততই ভাল। তুলনামুলকভাবে মহমেডান কিছুটা হলেও ভাল শুরু করেছিল। বেশ ছন্দময় ফুটবল খেলছিল আন্দ্রে চেরনিশভের দল। মোহনবাগান ম্যাচ থেকেই ছন্দপতন। রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও পরাজয়। প্রথমার্ধে এগিয়ে গিয়েও ২–১ ব্যবধানে হারতে হল সাদাকালো ব্রিগেডকে। 

ধারে–ভারে মহমেডানের থেকে অনেকটাই এগিয়ে কেরালা ব্লাস্টার্স। বিপক্ষ শক্তিশালী হলেও আক্রমণাত্মক ফুটবলের দর্শন থেকে বেরিয়ে আসেননি মহমেডান কোচ আন্দ্রে চেরনিশভ। ফ্রাঙ্কা, কাশিমভ, অ্যালেক্সিজরা শুরু থেকেই কেরালা রক্ষণের ওপর চাপ সৃষ্টি করছিলেন। মহমেডান রক্ষণও দারুণভাবে সামাল দিচ্ছিল নোয়া, আদ্রিয়ান লুনা, জিমিনেজের মতো কেরালার আক্রমণভাগের ফুটবলারদের। এর মাঝেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় জোসেফকে। জোসেফের মতো বড় চেহারার ডিফেন্ডারের বেরিয়ে যাওয়াটা সমস্যায় ফেলে দেয় মহমেডানকে।


আরও পড়ুনঃ আশা জাগিয়েও মিরাকেল ঘটাতে পারলেন না বুমরারা, ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয় নিউজিল্যান্ডের


এর মাঝেই আক্রমণের তীব্রতা বজায় রেখে ২৮ মিনিটে এগিয়ে যায় মহমেডান। আঙ্গুসানার পাস ধরে দারুণ গতিতে বক্সে ঢুকে যান ফ্রাঙ্কা। কেরালা ব্লাস্টার্স গোলকিপার সোম কুমার তাঁকে আটকাতে ফাউল করেন। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। কেরালা গোলকিপারকে উল্টোদিকে ফেলে ঠান্ডা মাথায় গোল করেন কাশিমভ। ৩৪ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসেছিল কেরালা ব্লাস্টার্সের সামনে। একক প্রয়াসে বল নিয়ে ঢুকে ডানপায়ে দুর্দান্ত শট নিয়েছিলেন জিমেনেজ। বল পোস্টে লেগে ফিরে আসে। প্রথমার্ধে কেরালার পক্ষে বলার মতো এছাড়া আর কিছুই ছিল না।

দ্বিতীয়ার্ধে কেমন যেন ছন্নছাড়া হয়ে পড়ে মহমেডান। সেই সুযোগটাই কাজে লাগায় কেরালা ব্লাস্টার্স। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে মহমেডান বক্সে। এই সময় রক্ষণে জোসেফের মতো বড় চেহারার ফুটবলারের অভাব বোঝা যাচ্ছিল। অবশেষে ৬৪ মিনিটে সমতা ফেরায় কেরালা। লুনার সেন্টার নোয়া নামিয়ে দেন পেপরাহ–র উদ্দেশ্যে। গোল করতে ভুল করেননি পেপরাহ। ৭৫ মিনিটে এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স। নওচা সিংয়ের সেন্টারে হেডে গোল করেন জিমেনেজে। বাকি সময়ে আর সমতা ফেরাতে পারেনি মহমেডান।  

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora