ট্রেন্ডিং

ISL 2025-26: Mohun Bagan vs Chennaiyin FC

চেন্নাইন এফসি–র বিরুদ্ধে ২–০ ব্যবধানে জয় এল, কিন্তু মোহনাবাগন কোচ লোবেরার স্বপ্নপূরণ হল না

চেন্নাইন এফসি–র বিরুদ্ধে মাঠে নামার আগের দিন মোহনবাগান কোচ সের্জিও লোবেরা বলেছিলেন, জয়ের পাশাপাশি লক্ষ্য বড় ব্যবধান। তাঁর সেই লক্ষ্যের ব্যাপারটা ফুটবলাররা হয়তো মাঠে নেমে ভুলেই গিয়েছিলেন। না হলে গোলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে কেন?‌ প্রথম গোল এল প্রথমার্ধের ইনজুরি সময়ে। দ্বিতীয় গোল ৬৬ মিনিটে। বড় ব্যবধানে জয়ের স্বপ্ন থাকলেও ২ গোলের বেশি হল না।

গোলের উদযাপন দিমিত্রি পেত্রাতোসের।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬
Share on:

চেন্নাইন এফসি–র বিরুদ্ধে মাঠে নামার আগের দিন মোহনবাগান কোচ সের্জিও লোবেরা বলেছিলেন, জয়ের পাশাপাশি লক্ষ্য বড় ব্যবধান। তাঁর সেই লক্ষ্যের ব্যাপারটা ফুটবলাররা হয়তো মাঠে নেমে ভুলেই গিয়েছিলেন। না হলে গোলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে কেন?‌ প্রথম গোল এল প্রথমার্ধের ইনজুরি সময়ে। দ্বিতীয় গোল ৬৬ মিনিটে। বড় ব্যবধানে জয়ের স্বপ্ন থাকলেও ২ গোলের বেশি হল না। অসংখ্য গোলের সুযোগ নষ্ট করে চেন্নাইন এফসি–কে ২–০ ব্যবধানে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট। 

যদিও দাপট নিয়েই শুরু করেছিল মোহনবাগান। গোলের সামনে জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোসরা ছটফট করছিলেন। সুযোগও তৈরি হচ্ছিল। কিন্তু তিনকাঠি ভেদ করতে পারছিলেন না মোহনবাগান ফুটবলাররা। ১২ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল মোহনবাগানের সামনে। অনিরুদ্ধ থাপার বাঁ–পায়ের গোলার মতো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। মিনিট পাঁচেক পর রবসনের দুরন্ত মাইনাসে দিমিত্রি পা ছোয়ালেই গোল পেতে পারতেন। মোহনবাগানের আক্রমণের মাঝেই সুযোগ এসে গিয়েছিল চেন্নাইনের সামনেও। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে ইরফানের পা থেকে বল কেড়ে নিশ্চিত গোল বাঁচান বিশাল কাইথ। 


২৭ মিনিটে বড় ধাক্কা খায় চেন্নাইন এফসি। মেহতাব সিংয়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন নওয়াজ। তাঁর মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়াটা অনেকটাই ক্ষতি হয়ে যায় চেন্নাইনের। সেই সুযোগটাই কাজে লাগিয়ে প্রথমার্ধের ইনজুরি সময়ে এগিয়ে যায় মোহনবাগান। অনিরুদ্ধ থাপা দুর্দান্ত থ্রু বাড়ান জেমি ম্যাকলারেনকে। গোল ছেড়ে অহেতুক বেরিয়ে এসেছিলেন পরিবর্ত হিসেবে মাঠে নামা চেন্নাইনের গোলকিপার শমীক মিত্র। তাঁর ডানদিক দিয়ে বল জালে জড়িয়ে দেন ম্যাকলারেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে দেয় মোহনবাগান। ৫২ মিনিটেই ব্যবধান বাড়তে পারত। ম্যাকলারেনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৬ মিনিটে জ্বলে ওঠেন দিমিত্রি পেত্রাতোস। মাঝমাঠ থেকে ছোট পাসে লিস্টনকে বল বাড়িয়েছিলেন দিমিত্রি। সেই বল ডানদিক থেকে বাঁদিকে শুভাশিস বসুকে লক্ষ্য করে ভাসিয়ে দেন লিস্টন। বক্সের বাঁ দিক থেকে সেন্টার করেন শুভাশিস। ততক্ষণে বক্সের মধ্যে জায়গা নিয়ে ফেলেছেন দিমিত্রি পেত্রাতোস। চলন্ত বলেই দিমির ভলি জালে জড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধে এক সঙ্গে তিনটি পরিবর্তন করেন মোহনবাগান কোচ সার্জিও লোবেরা। মেহতাবের জায়গায় মনবীর, শুভাশিসের জায়গায় অময় ও রবসনের জায়গায় আলড্রেডকে নামিয়ে দেন। কয়েক মিনিটের মধ্যে ম্যাকলারেনকে তুলে জেসন কামিন্সকেও নামিয়ে দেন। আক্রমণে ঝড় তুললেও আর ব্যবধান বাড়েনি। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora