ট্রেন্ডিং

Durand Cup 2025

ডায়মন্ড হারবারকে ৫–১ ব্যবধানে উড়িয়ে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান

ডায়মন্ড হারবারকে ৫–১ ব্যবধানে উড়িয়ে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র জোগাড় করে ফেলল মোহনবাগান। আর ডায়মন্ড হারবারের নক আউটের টিকিট পাওয়া এখন চরম অনিশ্চয়তা।

গোল করে দলকে এগিয়ে দেওয়ার পর অনিরুদ্ধ থাপার উচ্ছ্বাস। অভিনন্দন আর এক গোলদাতা লিস্টন কোলাসোর।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৫
Share on:

কলকাতার চতুর্থ প্রধান তকমা পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে ডায়মন্ড হারবার এফসি। কিন্তু ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে চতুর্থ প্রধানের ছিটেফোঁটা লক্ষণও দেখা গেল না কিবু ভিকুনার দলের। ডায়মন্ড হারবারকে ৫–১ ব্যবধানে উড়িয়ে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র জোগাড় করে ফেলল মোহনবাগান। আর ডায়মন্ড হারবারের নক আউটের টিকিট পাওয়া এখন চরম অনিশ্চয়তা।

আগের ম্যাচে গোল করেছিলেন মনবীর সিং। চোটের জন্য ডায়মন্ড হারবারের বিরুদ্ধে তিনি ছিলেন না। তাঁর জায়গায় পাসাং দর্জি তামাংকে প্রথম একাদশে নিয়ে আসেন বাগান কোচ। দু’‌পাশে জেমি ম্যাকলারেন ও লিস্টন কোলাসো। মোহনবাগানের এই দলের প্রাণভোমরা লিস্টন। একসময় বাগানকে কোচিং করানো কিবু ভিকুনা ভেবেছিলেন তাঁকে আটকে দিলেই মোহনবাগানের আক্রমণ ভোঁতা হয়ে যাবে। কিন্তু মোহনবাগানের শক্তিশালী মাঝমাঠে দায়িত্ব নেওয়ার জন্য যে অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদরা রয়েছেন, সেকথা ভুলেই গিয়েছিলেন ডায়মন্ড কোচ। তাই লিস্টনকে কড়া মার্কিংয়ে রেখেও কাজের কাজ কিছু হল না। দায়িত্ব কাঁধে তুলে নেন সাহাল। দুটি গোল করিয়ে ও একটা করে ম্যাচের নায়ক বাগানের মাঝমাঠের এই ফুটবলার।


ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় মোহনবাগান। সাহালের পাস ধরে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন অনিরুদ্ধ থাপা। যদিও এই অগ্রগমন বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মোহনবাগান রক্ষণ। মিনিট পাঁচেক পরেই জবি জাস্টিনের ডিফেন্স চেরা থ্রু ধরে সমতা ফেরান লুকা মাজসেন। ৩৪ মিনিটে আবার এগিয়ে যায় মোহনবাগান। সাহালের পাস থেকে ডায়মন্ডের গোলকিপারে দু’‌পায়ের ফাঁক দিয়ে গোল করেন ম্যাকলারেন। প্রথমার্ধে ২–১ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে মোহনবাগান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় ধাক্কা খায় ডায়মন্ড হারবার। নিজেদের বক্সের মধ্যে লিস্টন কোলাসোকে ফাউল করেন নরেশ সিং। রেফারি লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দেন। একজন কম হয়ে যাওয়ায় ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় ডায়মন্ডের। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান লিস্টন। ৬৪ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামা জেসন কামিংসের পাস থেকে মোহনবাগানের হয়ে চতুর্থ গোল করেন সাহাল। ৮০ মিনিটে বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে ৫–১ করেন কামিংস।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora