৯ মিনিটের ঝড়ে বিধ্বস্ত সাদা–কালো রক্ষণ, মুম্বইয়ের কাছে ৩ গোলে হার, মহমেডান আছে মহমেডানেই
মহমেডান যে বদলায়নি, মুম্বই সিটি এফসি–র বিরুদ্ধেই প্রমাণিত। প্রথমার্ধে দারুণ ফুটবল খেলেও দ্বিতীয়ার্ধে অসহায় আত্মসমর্পন। ছাংতে, টোরালদের ৯ মিনিটের ঝড়। তাতেই ছিন্নভিন্ন মহমেডানের দুঃস্বপ্নের রক্ষণ। ৩–০ ব্যবধানে হার সাদা–কালো ব্রিগেডের।
এভাবেই মুম্বই রক্ষণে বারবার আটকে গেলেন ফ্রাঙ্কা।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ২৬, ২০২৫
Share on:
টানা ৪ ম্যাচ অপরাজিত। তার মধ্যে ৩ ম্যাচে গোল হজম করেনি রক্ষণ। ঝিমিয়ে পড়া মহমেডান সমর্থকরা আবার চাঙ্গা হয়ে উঠেছিলেন। স্বপ্ন দেখতে শুরু করেছিলেন দলকে ঘিরে। কিন্তু মহমেডান যে বদলায়নি, মুম্বই সিটি এফসি–র বিরুদ্ধেই প্রমাণিত। প্রথমার্ধে দারুণ ফুটবল খেলেও দ্বিতীয়ার্ধে অসহায় আত্মসমর্পন। ছাংতে, টোরালদের ৯ মিনিটের ঝড়। তাতেই ছিন্নভিন্ন মহমেডানের দুঃস্বপ্নের রক্ষণ। ৩–০ ব্যবধানে হার সাদা–কালো ব্রিগেডের।
মাঝে বেতন সমস্যার জন্য বেঁকে বসেছিলেন মহমেডান ফুটবলাররা। সমস্যা মিটিয়ে অনুশীলনে নামেন কাশিমভরা। এদিন মুম্বই সিটি এফসি–র বিরুদ্ধে মহমেডান ফুটবলারদের খেলা দেখে মনে হচ্ছিল যাবতীয় বিতর্ক পেছনে ফেলে এসেছেন। অ্যাওয়ে ম্যাচ হলেও ছাংতে, টোরাল, ক্রোমাদের সঙ্গে সমানে সমানে পাল্লা দিচ্ছিলেন মহমেডান ফুটবলাররা। প্রথমার্ধে মুম্বইয়ের বলের দখল বেশি থাকলেও মহমেডানও খুব বেশি পিছিয়ে ছিল না। যদিও গোলের সুযোগ বেশি পেয়েছিল মুম্বই। বিপিন সিংয়ের একটা শট পোস্টে লাগে। এছাড়া কয়েকটা সহজ সুযোগ নষ্ট করেন। মহমেডানের হয়ে ফ্রাঙ্কা ও জুডিকাও সুযোগ নষ্ট করেন। ফলে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল মুম্বই সিটি এফসি–র সামনে। বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। ছাংতের শট পোস্টে লেগে প্রতিহত হয়। অবশেষে ৭২ মিনিটে গৌরব ভোরার আত্মঘাতী গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। বাঁদিক থেকে সেন্টার করেছিলেন বিপিন রাই। হেডে বল গোলকিপার পদম ছেত্রীকে দিতে গিয়েছিলেন গৌরব ভোরা। মহমেডান গোলকিপার গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তিনি বলের লাইনে ছিলেন না। ফলে বল চলে যায় জালে।
৭৮ মিনিটে ব্যবধান বাড়ান ছাংতে। জন টোরালের পাস ছাংতের কাছে যায়। মহমেডানের দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে বাঁপায়ের ভলিতে বল জালে জড়িয়ে দেন ছাংতে। বল জালে যাওয়ার আগে গৌরব ভোরার পায়ে লেগেছিল। ৮২ মিনিটে ৩–০ করেন ক্রোমা। ডানদিক থেকে সেন্টার করেছিলেন ছাংতে। মহমেডান রক্ষণ ভালভাবে বল ক্লিয়ার করতে পারেনি। বল চলে যায় ক্রোমার কাছে। ডানপায়ের জোরালো শটে তিনি গোল করেন। টানা ৪ ম্যাচ পর আবার হারতে হল মহমেডানকে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.